২ দিনেও উদ্ধার হয়নি ভৈরব নদীতে ডুবে যাওয়া সার বোঝাই কার্গো
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদীতে গত বুধবার রাতে ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজ এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
ডুবে যাওয়া লাইটার জাহাজ এনভি শারিব বাধনের মাস্টার সজিব হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে গত ২১ জানুয়ারি ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে তারা ২৫ জানুয়ারি ভোরে যশোরের নওয়াপাড়ার ভাটপাড়ায় আসেন।
সেখানে সঞ্জয় ট্রেডিংয়ের সার আনলোড করার কথা ছিল। সেখানে সার আনলোড না করেই ৪ দিন থাকার পর প্রথমে বেঙ্গল মিল এলাকার ঘাটে ও পরে পীরবাড়ি ঘাটে নিয়ে যেতে বলা হয়।
পরে বুধবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ জাহাজের তলা ফেটে যায় এবং জাহাজটি ডুবে যায়।
জাহাজে থাকা ইউরিয়া সারের মূল্য প্রায় ১ কোটি ২ লাখ টাকা বলে জানান সজিব হোসেন।
এ বিষয়ে জানতে মেসার্স সঞ্জয় ট্রেডিংয়ের মালিক সঞ্জয় কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছে। বিআইডব্লিউটিএ এ বিষয়ে সহযোগিতা করছে।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধার কাজের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। শিগগিরই কার্গোটি উদ্ধার করা হবে।'