৫০ কোটি টাকা পেলে বিশ্বমানের ক্যান্সার সেন্টার করতে পারি: ডা. জাফরুল্লাহ

স্টার অনলাইন রিপোর্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে কত রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যান্সারও বেড়ে গেছে। আমরা ৫০ কোটি টাকা পেলে পৃথিবীর উন্নতমানের ক্যান্সার সেন্টার করতে পারি।

ক্যান্সার হাসপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ বুধবার সকাল ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

ফুটপাতে ক্ষুদ্র দোকানদার, ফেরিওয়ালা, রিক্সা ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের ও অসহায় দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। এর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'জনগণকে সেবা দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটিখানেক ব্যবসায়ী আছেন। তারা একটু দান করলে ১০ হাজার নয়, ১ লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।'

ব্যবসায়ী ও সমাজের ধনী মানুষদের দান ও যাকাতের টাকা দেওয়ারও আহ্বান জানান তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছে এবং ভাসানী অনুসারী পরিষদ এই কর্মসূচিতে সহযোগিতা করেন। ব্যবসায়ী ও সরকারের অন্যান্য কর্মকর্তারা যদি বেতনের ৫ থেকে ১০ শতাংশ দিতেন, তাহলে আমরা লাখো মানুষকে সহায়তা দিতে পারতাম। কেউ খাবে কেউ খাবে না, এটা হতে পারে না।'

তিনি আরও বলেন, 'গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনির ডায়ালাইসিস দেয়। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আমরা ডায়ালাইসিস দেই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুষকে সেবা দিতে পারতাম।'

সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নেন।'

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, '১৯৭১ সালে যুদ্ধের ময়দানে গণস্বাস্থ্যের যাত্রা শুরু করেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তারপর থেকে দীর্ঘ ৫০ বছর গণস্বাস্থ্য স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় দরিদ্রদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। আজ আমরা ভাসানী অনুসারী পরিষদ গণস্বাস্থ্যের ঈদ খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করতে পেরে নিজেদের গৌরবান্বিত মনে করছি।'