৮০ বছর পর দখলমুক্ত হলো ডিএসসিসির ৪০ শতাংশ জায়গা

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর রায় সাহেব বাজারে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪০ শতাংশ জায়গা উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

আজ বুধবার দিনব্যাপী অভিযানে ওই জায়গা দখলমুক্ত করা হয় বলে জানানো হয়েছে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার নির্দেশনায় করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে রাজধানীর ধোলাইখাল মার্কেটখ্যাত রায় সাহেব বাজার মোড়ে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। 

অভিযানে ২টি অবৈধ দোতলা ভবন ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান ভেঙে ফেলা হয় এবং মোট ০.৩৯৮০ একর জায়গা উদ্ধার করা হয়। 

অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, 'জায়গাটি দক্ষিণ সিটি করপোরেশনের সিএস-আরএস রেকর্ডীয় মালিকানার জমি। কিন্তু গত ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে তা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল।'

তিনি আরও বলেন, 'আমরা মেয়রের নির্দেশনা মোতাবেক আজকে সেখানে অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধার করেছি। রেকর্ড দেখে পর্যায়ক্রমে অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।'