হাইতিতে ১৭ মার্কিন মিশনারি অপহৃত

স্টার অনলাইন ডেস্ক

হাইতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার ১৭ জন খ্রিস্টান মিশনারিকে অপহরণের ঘটনায় দেশটির এক কুখ্যাত গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। তারা বলছে, হাইতিতে এই গ্যাংটি অপহরণ ও হত্যার জন্য বেশ পরিচিত।  

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার হাইতির পুলিশ পরিদর্শক ফ্র্যানজ শ্যাম্পেইন বার্তাসংস্থা এপিকে জানান, হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের পূর্বাঞ্চলীয় এলাকা গ্যান্থিয়ার থেকে '৪০০ মাওজো গ্যাং' সদস্যরা তাদের অপহরণ করে।

কর্তৃপক্ষ জানায়, এই মাওজো গ্যাং সদস্যরা ক্রুইক্স-দেস-বুকেটস এলাকাটি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে গ্যান্থিয়ার অন্তর্ভুক্ত। তারা সেখানে অপহরণ, গাড়ি চুরি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও কানাডার ১৭ জন মিশনারিকে অপহরণ করা হয় বলে জানায় ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রি।

ওহাইয়োভিত্তিক ওই সংস্থা আরও জানায়, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মার্কিন ও ১ জন কানাডিয়ান আছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী এবং ৫ জন শিশু।

হাইতির নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, এ ঘটনায় তদন্ত চলছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্লড জোসেফ সিএনএনকে বলেন, 'এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন হাইতির কর্মকর্তারা।'