অনুমতি ছাড়া অবন্ধুসুলভ দেশের সঙ্গে ব্যবসা নয়: রাশিয়া
রাশিয়া সরকার গত সোমবার একটি তালিকার অনুমোদন দিয়েছে, যেখানে রাশিয়া, রুশ প্রতিষ্ঠান ও নাগরিকদের সঙ্গে অবন্ধুসুলভ আচরণকারী কিছু দেশ ও অঞ্চলের নাম দেওয়া হয়েছে। এখন মস্কো বলেছে, এই দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
গত ৫ মার্চ এ তালিকার সঙ্গে একটি প্রেসিডেন্টশিয়াল ডিক্রি দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাশিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের 'অবন্ধুসূলভ আচরণকারী' দেশ ও অঞ্চলের তালিকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বৈদেশিক মুদ্রায় ঋণ থাকলে তা রুশ মুদ্রা রুবলে পরিশোধ করা যাবে।
বিবৃতি অনুযায়ী, এই তালিকায় আছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্সি, অ্যাংগিলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রালটার, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, আইসল্যান্ড, কানাডা, লিখটেনস্টেইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্যান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিংগাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান (চীনের একটি অঞ্চল হিসেবে বিবেচিত, কিন্তু ১৯৪৯ সাল থেকে তার নিজস্ব প্রশাসন দ্বারা শাসিত), ইউক্রেন, মন্টিনেগ্রো, সুইজারল্যান্ড এবং জাপান।
এভাবে দেনা পরিশোধের জন্য যে কোনো রাশিয়ান ব্যাংকে একটি বিশেষ ধরনের রুবল অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেখানে বিদেশি মুদ্রার ওই দিনের আনুষ্ঠানিক বিনিময় মূল্য অনুযায়ী সমপরিমাণ রুবল স্থানান্তর করতে হবে। তারপর পেমেন্ট সম্পন্ন হবে।
বৈদেশিক ঋণ পরিশোধের এই সাময়িক ব্যবস্থা শুধুমাত্র মাসে ১ কোটি রুবল (৭৬ হাজার ডলার) বা তার চেয়ে বেশি পেমেন্টের জন্য প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং রাশিয়াকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালু করেছে।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আক্রমণে এ যাবত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনের ১৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা পার্শ্ববর্তী বন্ধুভাবাপন্ন দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।