অর্ধেক মানুষ কিয়েভ ছেড়েছেন: মেয়র

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের অর্ধেক মানুষ চলে গেছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিৎশকো।

গতকাল বৃহস্পতিবার ইউক্রেন টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

kyiv_people_3.jpg
ছবি: রয়টার্স

রুশ সেনা কনভয় ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে আসার প্রেক্ষাপটে শহরের মেয়র সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, কিয়েভ এখন 'একটি দুর্গ। এর প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্ট সুরক্ষিত।'

kyiv_people_2.jpg
ছবি: রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা কিয়েভের দিকে অগ্রসর হওয়ায় প্রায় ২০ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন। গত বছরের হিসাব অনুযায়ী বৃহত্তর কিয়েভের জনসংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ।

মেয়র বলেন, 'আমাদের দিক থেকে বলতে পারি, প্রতি ২ জন কিয়েভবাসীর একজন রাজধানী ছেড়েছেন।'

রুশ সেনারা শহরের উত্তরপূর্ব প্রান্তে চলে এসেছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, গত রাতে রাজধানীর প্রধান মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে।