অস্থায়ীভাবে পোল্যান্ডে সরছে ইউক্রেনে ভারতীয় দূতাবাস

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

রাশিয়া ও ইউক্রেন সংকট আরও তীব্র হওয়ায় ইউক্রেনে ভারতের দূতাবাস অস্থায়ীভাবে আজ রোববার পোল্যান্ডে স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় বলেছেন, 'পশ্চিমাঞ্চলে হামলাসহ ইউক্রেনের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরিস্থিতির আলোকে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে।'

এর আগে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা প্রস্তুতি এবং বিরাজমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে সভাপতিত্ব করেন।