আহত সেনাদের সঙ্গে জেলেনস্কির সেলফি, দিলেন ‘বীরত্বসূচক’ পদক

স্টার অনলাইন ডেস্ক 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় সপ্তাহ চলছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও থামছে না আক্রমণ। কয়েক দফা আলোচনা থেকেও তেমন কোনো ফল আসেনি।

আজ সোমবার বিবিসি জানায়, সম্প্রতি এক অজ্ঞাত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত সেনাদের দেখতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হাসপাতালে সরেজমিন পরিদর্শনের সময় জেলেনস্কি আহত সেনাদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বীরত্বসূচক পদক উপহার দেন।

তিনি হাসপাতাল কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং পদক উপহার দেন।

গত শনিবার জেলেনস্কি জানান, যুদ্ধে ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা ইতোমধ্যে নিহত হয়েছেন এবং আরও হাজারো সেনা আহত হয়েছেন।

প্রায় প্রতিদিনই ইউক্রেনের পতাকায় জড়ানো নিহত সেনাদের মরদেহের ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দ্য গার্ডিয়ান জানায়, লিভিভসহ বিভিন্ন ইউক্রেনীয় শহরের চার্চগুলোতে নিহত সেনাদের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।