ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ২০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট অর্থের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৯২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ। 

বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে এই অর্থ বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন। যা দিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্টক থেকে অস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী কেনার পাশাপাশি সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ব্যয় করতে পারবে ইউক্রেন। 

একজন সিনিয়র কর্মকর্তা জানান, এর মাধ্যমে অ্যান্টি আরমার, অ্যান্টি এয়ারক্রাফ্ট সিস্টেম এবং ছোট অস্ত্রের মতো তাৎক্ষণিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের জরুরি সহায়তা অনুমোদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনের সেনারা ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা মিত্রদের দেওয়া অ্যান্টি ট্যাঙ্ক লঞ্চার এবং বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সহায়তা ব্যবহার করছে।