ইউক্রেনের শরণার্থীদের জন্য নিলামে রুশ নোবেল বিজয়ীর পদক

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের শরণার্থীদের জন্য নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের সমালোচক রাশিয়ার গণমাধ্যম 'নোভায়া গাজেতা'র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তায় নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

গতকাল এক নিবন্ধে মুরাতভ জানান, রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে ১ কোটি মানুষ বাস্তুহারা হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ অবস্থায় নিলাম সংস্থাগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আশা করি তারা আমার এই আহ্বানে সাড়া দেবেন এবং আমার বিশ্বখ্যাত এই পদকটি নিলাম তুলবেন।'

গত বছর রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ 'গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায়' কাজের স্বীকৃতি হিসেবে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান।