ইউক্রেনের ৩ অবরুদ্ধ শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের কিয়েভ, সুমি ও মারিউপোল থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে জানায়, 'আমরা ইতিমধ্যেই সুমি থেকে পোলতাভার (মধ্য ইউক্রেন) বিদেশি শিক্ষার্থীসহ বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছি।'

রয়টার্সের খবরে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মস্কোকে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা রাশিয়াকে তার যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বজায় রাখতে, মানুষের জীবনকে বিপন্ন করে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।'

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ ও মারিউপোলের বেসামরিক বাসিন্দারা যাতে নিরাপদে সরে যেতে পারে সেজন্য 'মানবিক করিডোর' দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রাশিয়ান সময় সকাল ১০টা থেকে একটি 'সাইলেন্ট রেজিম' ঘোষণা করবে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সুমি অঞ্চলের গভর্নর দিমিত্রো জাইভিটস্কি একটি ভিডিও বার্তায় জানান, বেসামরিকদের একটি দলকে সরিয়ে নেয়া হয়েছে, আরেকটি দল শিগগিরই সুমি ছেড়ে যাবে।

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা জানান, ইরপিন থেকে ইতোমধ্যে ১৫০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, বন্দর শহর মারিউপোল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ৩০টি বাস ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

এর আগে, ইউক্রেনের সুমি শহরে অন্তত ৯ জন বাংলাদেশি বাঙ্কারে আটকে আছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তারা।