ইউক্রেনে রসদ সংকটে রুশ বাহিনী: যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রুশ বাহিনী সেখানে রসদ সংকটে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, গতকাল যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে—'ইউক্রেনে ত্রুটিপূর্ণ আগ্রাসনের' কারণে রুশ সেনারা সেখানে ক্রমাগত রসদ সংকটে পড়ছে।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানা গেছে—ইউক্রেনের আকাশপথ রাশিয়া নিয়ন্ত্রণ করতে না পারায় এবং স্থলপথে নানান প্রতিবন্ধকতার কারণে দখলদার বাহিনীর খাবার ও জ্বালানিসহ অতি প্রয়োজনীয় রসদ সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

'ইউক্রেনীয়দের পাল্টা আঘাতের কারণে রাশিয়া বিশাল সংখ্যক সেনাকে তাদের নিজস্ব সরবরাহ ব্যবস্থার দিকে সরিয়ে নিয়েছে। এটি রুশ বাহিনীর আক্রমণের সম্ভাবনাকে ভীষণভাবে সীমিত করে দিচ্ছে।'

রুশ সেনারা পুরো ইউক্রেন দখলে আগ্রহী হচ্ছে না বলে বার্তায় উল্লেখ করা হলেও রাশিয়ার রণকৌশল সম্পর্কে গোয়েন্দারা কী জানতে পেরেছেন সে সম্পর্কে বার্তায় কিছু বলা হয়নি।