ইউক্রেনে রাসায়নিক হামলা সামলানোর সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সম্ভাব্য যেকোনো রাসায়নিক হামলা সামলানোর প্রস্তুতি নিতে ইউক্রেনের অনুরোধে দেশটিতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পলিটিকোকে নিশ্চিত করেছেন যে, ইউক্রেনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
এসব সরঞ্জামের মধ্যে গ্যাস মাস্ক, হ্যাজমাট স্যুট (হেজার্ডাস ম্যাটেরিয়াল স্যুট) ও অন্যান্য উপকরণ আছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে এসব সরঞ্জাম কী পরিমাণে পাঠানোর পরিকল্পনা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ওই মুখপাত্র বলেছেন, 'এই সহায়তা আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতির সঙ্গে আপস করবে না।'
এদিকে, ইউক্রেনে রাসায়নিক এবং জৈব অস্ত্র মোতায়েন করা হতে পারে বলে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে মস্কো ও পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে।