ইউক্রেন বিষয়ে আলোচনায় রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করল আইসিসি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ার কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সংস্থাটির প্রসিকিউটর করিম খান এই অনুরোধ পাঠান।

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে করিম খান বলেন, 'ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত আমার অফিসের কাজ সবসময় রোম স্টেটিউটের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হবে। আমরা স্বাধীনতা, নিরপেক্ষতা এবং সততার সঙ্গে আমাদের কাজ পরিচালনা করি। আমি কথা দিচ্ছি যে, আমি উভয় পক্ষের হয়েই কাজ করবো।'

তিনি জোরালোভাবে বলেন, 'পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে, আমি রাশিয়ান ফেডারেশনের কাছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছি। কারণ এটি আমার অফিসের ম্যান্ডেটের সঙ্গে সম্পর্কিত। আমার মনে হয় এই তদন্তে রাশিয়ান ফেডারেশনের সক্রিয়ভাবে জড়িত হওয়া অপরিহার্য। আমি তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছি।'

ইউক্রেন আইসিসির সদস্য নয়। তবে দেশটি ২০১৩ সালের ২১ নভেম্বর থেকে তাদের ভূখণ্ডে সংঘটিত সম্ভাব্য অপরাধের বিষয়ে আইসিসিতে বিচার চেয়ে ২টি আবেদন দায়ের করেছে।