ইউক্রেন সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাতে: চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাতে।
চীন আশা করে, যুক্তরাষ্ট্র বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে।
গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে চীনের সংবাদসংস্থা সিনহুয়া।
তিনি আরও বলেন, 'চীন শান্তি আলোচনার পক্ষে এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বেইজিং।'
'ইউক্রেন সংকটের সূচনাকারীদের সাবধানে তাদের ভূমিকা নিয়ে ভাবা উচিত, আন্তরিকতার সঙ্গে তাদের যথাযথ দায়িত্ব গ্রহণ করা উচিত এবং অন্যকে দোষারোপ না করে পরিস্থিতি সহজ করা এবং সমস্যা সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত', যোগ করেন ঝাও লিজিয়ান।
ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিষয়ে মার্কিন সরকারের সিদ্ধান্ত ইউক্রেনের বর্তমান সংকটের সঙ্গে সরাসরি যুক্ত উল্লেখ করে ঝাও বলেন, ইউক্রেন সংকট সমাধানের চাবিকাঠি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হাতেই আছে। চীন আশা করে, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে এই সংকট সমাধান করতে পারবে।
ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ন্যায্য ও বস্তুনিষ্ঠ বলে উল্লেখ করেন তিনি।