কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা কিয়েভ সফরে যাবেন।

পোল্যান্ড সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করাই এই সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে পোল্যান্ড সরকার।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেয়ুজ মোরাভিয়েস্কি বলেন, 'এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করা।'

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা বলেন, 'ইউরোপীয় কাউন্সিলের এই আনুষ্ঠানিক সফরের লক্ষ্য ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা।'