কিয়েভ, চেরনিহিভ থেকে সব রুশ সেনা প্রত্যাহার: পেন্টাগন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল পেন্টাগন জানিয়েছে যে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশি মনোযোগ দিতে চায়। সেভাবেই দেশটি প্রস্তুতি নিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, 'আমরা দেখতে পাচ্ছি (সেখান থেকে) সব রুশ সেনা সরে গেছে।'

তবে তিনি সতর্ক করে বলেন, রুশ সেনারা সরে গেলেও তারা (দখলকৃত এলাকায়) মাইন পুঁতে রেখে যেতে পারে।

প্রতিবেদন মতে, গত কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা দেখছেন যে রুশ বাহিনী চরম প্রতিরোধের মুখে নিজেদের নতুন করে জড়ো করার চেষ্টা করছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলে কয়েক হাজার রুশ সেনার হতাহতের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত স্বাধীনতাকামীদের সশস্ত্র যোদ্ধাদের সহায়তার কারণে রুশ সেনারা সেখানে ভালো অবস্থায় আছে।

এতে আরও বলা হয়েছে, রাজধানী কিয়েভ অঞ্চল থেকে সরে গিয়ে রুশ সেনাদের কয়েকটি ইউনিট বেলারুশের দিকে গিয়েছে। তবে তাদেরকে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন সেই মার্কিন কর্মকর্তা।