কেউ সংঘাত চায় না: বাইডেনকে জিনপিং

স্টার অনলাইন ডেস্ক

সংঘাত ও দ্বন্দ্ব কেউ চায় না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং। আজ শুক্রবার ভিডিও কলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

বাইডেনকে জিনপিং বলেন, 'এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক সামরিক সংঘাতের পর্যায়ে যেতে পারে না। দ্বন্দ্ব ও সংঘাত কেউ চায় না। শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক গোষ্ঠীর সবচেয়ে কাঙ্খিত সম্পদ।'

`ইউক্রেন সংকট এমন একটি বিষয়, যা আমরা দেখতে চাই না', শি যোগ করেন। 

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফোনালাপে শি আরও বলেছেন,  চীন ও যুক্তরাষ্ট্রকে অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে পরিচালিত করতে হবে। উভয় পক্ষকেই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে।

হোয়াইট হাউসের তথ্যমতে, জিনপিংয়ের সঙ্গে বাইডেনের ভিডিও কল স্থানীয় সময় সকাল ৯টা ৩ মিনিটে শুরু হয়।