ক্যাপিটল হিল সহিংসতায় অভিযুক্তকে আশ্রয় দিলো বেলারুশ
ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যখন চরমে, তখন ক্যাপিটল হিলে সহিংসতায় অভিযুক্ত ইভান নুমানকে আশ্রয় দিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ক্যালিফোর্নিয়ার ইভান নুমান দেশ থেকে পালিয়ে যান।
এতে আরও বলা হয়, ৪৮ বছর বয়সী ইভান প্রথমে ইউক্রেনে গিয়েছিলেন। বেলারুশে যাওয়ার আগে তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেন। যুক্তরাষ্ট্রে 'রাজনৈতিক প্রতিহিংসার' শিকার হতে পারেন বলে অভিযোগ করেন তিনি।
বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটাকে ইভান বলেন, এ ঘটনায় তার 'মিশ্র প্রতিক্রিয়া' হচ্ছে।
তিনি বলেন, 'বেলারুশ আশ্রয় দেওয়ায় আমি আনন্দিত। আর কষ্ট হচ্ছে এটা ভেবে যে, আমার দেশে আমি সমস্যায় পড়েছি।'
ইভান জানান, তিনি ইতোমধ্যে তার যুক্তরাষ্ট্রের বাড়ি বিক্রি করে দিয়েছেন। এরপর ইউরোপ ঘুরে ইউক্রেনে আসেন। ইউক্রেন সরকার তাকে 'অনুসরণ' করছে দেখে আতঙ্কিত হয়ে তিনি গত আগস্টে পায়ে হেঁটে বেলারুশ এসেছেন।
বেলারুশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি নেই উল্লেখ করে বিবিসি জানায়, গত জুলাইয়ে ইভানের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ক্যাপিটল হিলে প্রবেশ ও পুলিশের ওপর হামলাসহ ৬টি অভিযোগ আনা হয়।
বেলটার ভিডিওতে দেখা গেছে, বেলারুশের এক অভিবাসন কর্মকর্তা ইভানকে বলছেন, 'এখন আপনি বেলারুশ প্রজাতন্ত্রের পূর্ণ নিরাপত্তায় আছেন।'
বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনকে ইভান জানান, তিনি সেখানকার ব্রেস্ট শহরে থাকার পরিকল্পনা করছেন।
বেলটার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইভান যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন কারণ সেখানে তার বিরুদ্ধে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ' আনা হয়েছে।