‘কয়েকশ মানুষ আশ্রয় নেওয়া মারিউপোল থিয়েটারে বোমা বর্ষণ’
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের একটি থিয়েটার, যেখানে কয়েকশত মানুষ আশ্রয় নিয়েছিলেন, সেখানে রাশিয়ান বাহিনী বোমা হামলা করেছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।
মারিউপোলের সিটি কাউন্সিলর ধ্বংস হওয়া একটি ভবনের ছবি শেয়ার করে লিখেছেন, রাশিয়ান বাহিনী 'উদ্দেশ্যমূলকভাবে এবং বিদ্বেষপূর্ণভাবে' মারিউপোল শহরের কেন্দ্রে ড্রামা থিয়েটারটিকে ধ্বংস করেছে।
তিনি বলেছেন, 'বিমান থেকে ওই ভবনটির ওপর বোমা ফেলা হয়, যেখানে মারিউপোলের কয়েকশত শান্তিপূর্ণ বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন।'
সংবাদমাধ্যম সিএনএন তার প্রকাশিত ছবিটির ভূ-অবস্থান চিহ্নিত করে নিশ্চিত করেছে সেটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর শহরের থিয়েটার ভবন।
ঘটনার ভিডিওতে দেখা গেছে থিয়েটারের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
কাউন্সিলর টেলিগ্রামে লিখেছেন, 'এই ভয়ঙ্কর এবং অমানবিক কাজের ক্ষতির পরিমাণ এখনই অনুমান করা অসম্ভব, কারণ তারা শহরের আবাসিক এলাকায় গোলাগুলি চালিয়ে যাচ্ছে।'
'জানা গেছে বোমা হামলার পর ড্রামা থিয়েটারের কেন্দ্রীয় অংশটি ধ্বংস হয়ে গেছে', যোগ করেন তিনি।
মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুইশচেঙ্কো থিয়েটারটিকে শহরের কেন্দ্রে থাকা 'সংখ্যা এবং আকারে' অন্যতম বড় আশ্রয়কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে এক হাজারের বেশি মানুষ লুকিয়ে ছিলেন। অবিরাম গুলি বর্ষণ এবং বোমা হামলার কারণে সেখানে যাওয়াও অসম্ভব।'