খুনিদের আশ্রয়স্থল হবেন না: ইতালিকে জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইতালির সংসদ সদস্যদের বলেছেন, আপনারা ভালো করেই জানেন- কারা সেনাদের যুদ্ধে যাওয়ার নির্দেশ দেয় এবং কারা এসব প্রচার করে। তাদের প্রায় সবাই ইতালিকে অবসরের জায়গা হিসেবে ব্যবহার করে। তাই আপনারা খুনিদের আশ্রয়স্থল হবেন না। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিকে রাশিয়ান অভিজাতদের সব সম্পদ জব্দ এবং তেলসহ বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানান জেলেনস্কি।
জেলেনস্কি ইতালির বন্দরে রুশ জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার সব ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে হবে। ইউক্রেন থেকে শত্রু সেনা সরিয়ে নিতে হবে। এই যুদ্ধের পর ইউক্রেনের পুনর্গঠন হবে আপনাদের সঙ্গে, ইতালির সঙ্গে। একইসঙ্গে ইউরোপের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে।
ইতালির পার্লামেন্টের সদস্যরা ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণের শেষে একটি স্ট্যান্ডিং ওভেশন দেন।