চতুর্থ দফার আলোচনায় বিরতি, মঙ্গলবার আবার বসবে ইউক্রেন-রাশিয়া
ইউক্রেন-রাশিয়ার চতুর্থ দফা আলোচনা আগামীকাল মঙ্গলবারের আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রতিনিধিদলের মাইখাইলো পোডোলিয়াক।
এক টুইট বার্তায় পোডোলিয়াক বলেন, ওয়ার্কিং সাবগ্রুপে আরও কাজ করার জন্য এবং কিছু স্বতন্ত্র সংজ্ঞা স্পষ্ট করার জন্য এ বিরতি নেওয়া হয়েছে। তবে আলোচনা সামনে চলমান থাকবে।
এর আগে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২ পক্ষের চতুর্থ দফার ভার্চুয়াল আলোচনাকে 'জটিল আলোচনা' হিসেবে উল্লেখ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সে সময় আলোচনা চলে ৫ ঘণ্টা। ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সে সময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে একটি চুক্তি হয়।
৭ মার্চ উভয় দেশের প্রতিনিধিরা বেলারুশের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফা আলোচনায় বসেন। পরে ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে আলোচনা হয়।