জাপোরিঝঝিয়ার হামলায় বোঝা যাচ্ছে যুদ্ধ কতটা বেপরোয়া: ন্যাটো প্রধান
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।
আজ শুক্রবার ব্রাসেলসে পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা জানান বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার হামলাকে 'নিষ্ঠুর' হিসেবে উল্লেখ করে এ সময় ন্যাটো প্রধান বলেন, 'আমরা বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানাই এবং আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার প্রতিবেদনও দেখেছি। এটি এই যুদ্ধ কেমন বেপরোয়া তা বুঝিয়ে দিচ্ছে। একইসঙ্গে যুদ্ধ শেষ করার গুরুত্ব, রাশিয়ার সব সেনা প্রত্যাহার এবং কূটনৈতিক প্রচেষ্টায় সৎ বিশ্বাস নিয়ে আসার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'ন্যাটো মিত্ররা রাশিয়ার উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং ইউক্রেনকে সমর্থন দিয়েছে। ন্যাটো এই সংঘাতের অংশ নয়। আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বা সংঘাত চাই না।'
'একইসঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে, সব মিত্রদের প্রতিরক্ষা ও সুরক্ষার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে', যোগ করেন জেনস স্টলটেনবার্গ।
ন্যাটো বাহিনী জোটের পূর্বাঞ্চলে 'প্রতিরক্ষামূলক উপস্থিতি' বাড়িয়েছে উল্লেখ করে স্টলটেনবার্গ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার প্রতি তাদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।