জাপোরিঝঝিয়ায় হামলার ক্ষতি চেরনোবিলের ৬ গুণ হতে পারত: জেলেনস্কি
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলায় '৬টি চেরনোবিলের' সমান ক্ষয়ক্ষতি হতে পারতো বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, 'ইউক্রেনের জনগণ! আমরা এই রাতটায় বেঁচে গিয়েছি, যা ইতিহাসের গতিপথ-- ইউক্রেনের ইতিহাস, ইউরোপের ইতিহাসের গতিপথকে থামিয়ে দিতে পারতো।'
'রাশিয়া যখন স্টেশনে সরাসরি শেল নিক্ষেপ করেছিল তখনই তারা জানতো যে তারা ঠিক কী করছে। তারা কোনো কিছু তোয়াক্কা না করেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে,' বলেন তিনি।
রাশিয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন: 'এটি কীভাবে সম্ভব? আমরা কি ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়ের পরিণতির সাথে লড়াই করিনি? আপনারা রাস্তায় নামুন এবং আপনার সরকারকে বলুন যে আপনি বাঁচতে চান।'
'রেডিয়েশন জানে না রাশিয়া কোথায়। রেডিয়েশন কোনো দেশ, কোনো সীমানা মানবে না,' বলেন তিনি।
জেলেনস্কি আরও জানান, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, যারা প্ল্যান্টের চারপাশের পরিস্থিতির কথা শুনে 'চমকে গেছে'।
ইউক্রেনের উপর একটি নো-ফ্লাই জোন এবং একটি "পারমাণবিক সন্ত্রাসী রাষ্ট্র" এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।