জুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলবেন জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিনেট থেকে জেলেনস্কিকে জুমের মাধ্যমে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি জো বাইডেনের সঙ্গে যোগাযোগ করলেও সিনেটের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। রাশিয়া দেশটিতে আক্রমণের পর প্রথমবারের মতো সিনেট সামগ্রিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা সিনেট সদস্যদের সঙ্গে দেখা করে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে তার দেশের জন্য জরুরিভাবে আরও সহায়তা প্রয়োজন।