জেলেনস্কি নিহত হলেও সরকার ‘চালিয়ে নেওয়ার’ পরিকল্পনা আছে ইউক্রেনীয়দের: ব্লিঙ্কেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করা হলেও ইউক্রেনীয়দের 'একভাবে বা অন্যভাবে সরকার চালিয়ে যাওয়ার' পরিকল্পনা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সিএনএন জানায় , রোববার সিবিএস টেলিভিশনের ফেস দ্য নেশন প্রোগ্রামে এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

ব্লিঙ্কেন বলেন, 'ইউক্রেনীয়দের এমন পরিকল্পনা রয়েছে যেগুলোর বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। সরকার চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আমি বিস্তারিত জানাতে চাচ্ছি না।'

'আমি এ পর্যন্তই বলছি,' বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ সামরিক আগ্রাসনের মধ্যে জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন।

ব্লিঙ্কেন বলেন, 'প্রেসিডেন্ট জেলেনস্কি যে নেতৃত্ব দেখিয়েছেন, তার পুরো সরকার যা দেখিয়েছে, তা অসাধারণ অবিশ্বাস্য। তারা সাহসী ইউক্রেনীয় জনগণের মূর্ত প্রতীক।'