দোনেৎস্কে নিহত ২০, ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার ইউক্রেনের
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ হামলা ইউক্রেন চালিয়েছে বলে মস্কো দাবি করলেও অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে অভিযান শুরু করার পর রুশভাষী দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সাল থেকে এই অঞ্চল নিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত বিরাজ করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন এই আক্রমণটিকে একটি ট্র্যাজেডি এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ হিসাবে অভিহিত করেছে।
'মনে হচ্ছে সমুদ্রের ওপার থেকে ইউক্রেনের হর্তাকর্তারা ইউক্রেনীয় সেনাবাহিনীকে এ বিষয়ে আদেশ দিচ্ছেন', বলছে ক্রেমলিন।
অভিযান বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কয়টি দাবি রেখেছেন, তার মধ্যে অন্যতম দোনেৎস্কসহ পূর্বাঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি।