নিরাপত্তা-মানবিক সহায়তা নিয়ে আলোচনায় পোল্যান্ডে ব্লিঙ্কেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেন বিষয়ে নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ব্লিঙ্কেন এখন ইউক্রেন সীমান্তবর্তী শহর রেজেসজোতে অবস্থান করছেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউসহ পোলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা আছে তার।

জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে ১ মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। তাদের বেশিরভাগই গেছেন পোল্যান্ডে।

ইউক্রেনের সরকারি বাহিনীকে ন্যাটো সদস্যরা যেসব সামরিক সহায়তা দিচ্ছে, সেগুলোর বেশিরভাগই পোল্যান্ডের মধ্য দিয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং এ জোট  যুদ্ধ ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়া রোধ করতে চাইছে।

'আমরা কোনো সংঘাত চাই না। কিন্তু যদি সংঘাত আমাদের কাছে আসে, আমরা তার জন্য প্রস্তুত। ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব আমরা', তিনি বলেন।