নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর ‘আসল প্রভাব’ ফেলতে শুরু করেছে: ফ্রান্স

স্টার অনলাইন ডেস্ক

ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আসল প্রভাব ফেলতে শুরু করেছে।

আজ শুক্রবার বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।

তিনি আরও বলেন, 'এটিই আমাদের কাজের পয়েন্ট। এই যুদ্ধে তিনি (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এতটাই হারাবেন যে, শেষ পর্যন্ত তিনি এটি ছেড়ে দিতে বাধ্য হবেন। এটি নিশ্চিত করার লক্ষ্যেই আমরা এসব ব্যবস্থা নিচ্ছি।'   

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাবের প্রমাণ হিসেবে রুবলের দাম পড়ে যাওয়া, মস্কোর স্টক এক্সচেঞ্জ প্রায় ৩ সপ্তাহের জন্য বন্ধ থাকা এবং যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি লুকোয়েলের পুতিনের প্রতি আহ্বানের কথা উল্লেখ করেন গ্যাব্রিয়েল আটাল।