ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার বিমান হামলা, নিহত ৩৫
ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এ হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি জানান, রুশ বিমান ইয়াভোরিভে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলায় ইউক্রেনের জন্য অন্যান্য দেশ থেকে পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস হয়েছে।
এগুলো ওই ঘাঁটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে সংরক্ষিত ছিল বলে জানানো হয়েছে।
এছাড়া এ হামলায় '১৮০ জন বিদেশি ভাড়াটে' সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
তবে রয়টার্স উভয় পক্ষের প্রকাশ করা হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
হামলার ঘটনাস্থল ইয়াভরিভ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি পোলিশ সীমান্ত থেকে মাত্র ২৫ কিমি দূরে অবস্থিত। ন্যাটোর সামরিক প্রশিক্ষকদের জন্য এই ঘাঁটি ব্যবহার করা হতো বলে জানা গেছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে ইউক্রেনের জন্য পাঠানো পশ্চিমা অস্ত্র চালানের কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
যুক্তরাজ্য জানিয়েছে, এ হামলার ঘটনা সংঘাত বাড়ানোর দিকে নিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, বলেছেন যে ন্যাটো অঞ্চলে যে কোনো আক্রমণের পূর্ণ জবাব দেওয়া হবে।