পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে ইউক্রেন, রাশিয়া ও তুরস্ক
রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে চলতি সপ্তাহে তুরস্কের আনতালিয়ায় বৈঠকে বসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
সোমবার এক টুইটার বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু বলেন, 'প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্যোগ ও আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আনতালিয়া কূটনৈতিক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে আমিও অংশগ্রহণ করব।'
তিনি বলেন, 'আশা করি এই উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার পথে আগানো যাবে।'
আনতালিয়া দক্ষিণ তুরস্কের একটি অবকাশ যাপন কেন্দ্র এবং পঞ্চম বৃহত্তম শহর। এখানে প্রতি বছর আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) নামের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিবিদরা অংশগ্রহণ করেন।
আগামী ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন চলাকালীন সময়ে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নেবেন।
বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্ক তার ২ প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষের শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছে প্রকাশ করে আসছে। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের মাধ্যমে যুক্ত তুরস্ক বরাবরই ৩ দেশের মাঝে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করছে।
এর আগে, তুরস্ক আনুষ্ঠানিকভাবে রুশ আগ্রাসনকে 'গ্রহণযোগ্য নয়' বলেছে। তবে তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে রাজি হয়নি।
সাভাসগলু জানান, রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তখন পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন। পরবর্তীতে পুতিনের পক্ষে লাভরভ সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
সাভাসগলু বলেন, 'আমরা আশা করছি এই বৈঠক সব কিছুর মোড় ঘুরিয়ে দেবে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে।'
সাভাসগলুকে বৈঠকে অংশ নেওয়ার জন্য উভয় দেশ অনুরোধ করেছে বলে তিনি জানান।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা শনিবার জানান, তিনি লাভরভের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন, তবে তা 'অর্থপূর্ণ' হতে হবে।
ইতোমধ্যে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ৩ দফা বৈঠক করেছেন, কিন্তু তেমন কোনো ফল আসেনি।
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এবারই প্রথমবারের মত ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে যাচ্ছেন।