পুতিনের শহরে আবারও বিক্ষোভ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে আবারও বিক্ষোভ হয়েছে। পুলিশ যুদ্ধবিরোধীদের বেধড়ক পিটিয়েছে।
আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ২টি ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভিডিওর সত্যতা সম্পর্কে সিএনএন নিশ্চিত হয়েছে। এতে দেখা যায় গতকাল রোববার সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রে নেভস্কি অ্যাভিনিউয়ে বিক্ষোভ হয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, বিক্ষোভকারীরা অ্যাভিনিউ ধরে হেঁটে যাচ্ছেন। কাজান ক্যাথিড্রালের বাইরে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তাদেরকে বেধড়ক পেটায়।
এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ রাস্তা থেকে এক বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করছে। তাকে ছাড়িয়ে নিতে অপর একজন এগিয়ে এলে অন্য পুলিশ সদস্য এসে সেই ব্যক্তিকে মাটিতে ফেলে দেন।
রাশিয়ার এসওটিএ ভিশন সংবাদমাধ্যমে প্রকাশিত অপর ভিডিওতে দেখা যায়, পুলিশ সেখান থেকে এক নারীকে আটকের চেষ্টা করছে।
প্রতিবেদন মতে, ভিডিওগুলোয় দেখা গেছে বিক্ষোভকারীরা 'যুদ্ধ নয়' স্লোগান দিচ্ছিলেন।
সেন্ট পিটার্সবার্গের পুলিশের সঙ্গে সিএনএন যোগাযোগ করলে পুলিশ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সেন্ট পিটার্সবার্গে দেড় হাজারের মতো মানুষ 'জড়ো' হয়েছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ৭৫০ জনকে আটক করা হয়েছে।
স্বাধীন মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফোর হিসাবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ায় যুদ্ধবিরতি বিক্ষোভ থেকে ১৩ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।