পুতিনের সঙ্গে লড়াই চান ইলন মাস্ক, বাজি ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনকে বাজি রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লড়তে চেয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এটা হবে দুই জনের মধ্যে সিঙ্গেল কমব্যাট।

ইলন মাস্কের এক টুইটবার্তার বরাত দিয়ে সোমবার বিজনেস ইনসাইডার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

টুইটে রুশ বর্ণমালা ব্যবহার করে পুতিনের নাম ও ইউক্রেন লিখেছেন মাস্ক।

তিনি লিখেছেন, 'আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছি। বাজি থাকবে ইউক্রেন।'

mask.jpg
ইলন মাস্কের টুইটার থেকে নেওয়া।

পরে তিনি একটি ফলোআপ পোস্টে রুশ প্রেসিডেন্সির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করেন। সেখানে তিনি জানতে চান, 'আপনি কি এই লড়াইয়ে রাজি?'

তবে এই লড়াই আসলে কীভাবে হবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি মাস্ক।

আইফোন থেকে করা এই টুইটে সোমবার দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত লাইক পড়েছে ২২৬ হাজার, রিটুইট হয়েছে সাড়ে ৩৫ হাজার ও কমেন্ট পড়েছে ১৪ হাজার।