বিজয়ের আগ পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের আগ পর্যন্ত আমরা কোনো অস্ত্র ছাড়ব না।

এ ছাড়া, আত্মসমর্পণের পরামর্শকে প্রত্যাখ্যান করে 'শিশুসুলভ উস্কানি' বলে মন্তব্য করেছেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে, দেশটির একটি প্রচারমাধ্যমে ভুয়া ব্যানারে বলা হয়েছিল- প্রেসিডেন্ট জনগণকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি একটি ভিডিও বিবৃতিতে বলেন, আমি কেবল রাশিয়ান সামরিক বাহিনীকে অস্ত্র ছেড়ে দেশে ফিরে যেতে বলতে পারি। আমরা বাড়িতে আছি, আমরা আমাদের ভূমি ও সন্তানদের রক্ষা করছি। বিজয়ের আগ পর্যন্ত আমরা কোনো অস্ত্র ছাড়ব না।

ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মতে, রাশিয়া হ্যাকাররা ইউক্রেন২৪নিউজ চ্যানেলটি হ্যাক করে ওই ভুয়া ব্যানারটির প্রচার করে।