বিভিন্ন দেশে বিপজ্জনক জৈব গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে পেন্টাগনের অর্থায়ন করা জৈব গবেষণাগারগুলো হুমকি হয়ে উঠতে পারে। কারণ এসব গবেষণাগারে কী করা হচ্ছে, তা গোপন রাখা হয়।
ওয়াশিংটন নিজের নাগরিকদের হুমকির মুখোমুখি করার ঝুঁকি নিতে চায় না বলে এসব সংক্রমণ সংক্রান্ত গবেষণা অন্যান্য দেশে পরিচালনা করে।
আজ শুক্রবার রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
'আমেরিকানরা কয়েক বছর আগে সিদ্ধান্তে পৌঁছে যে, তাদের নিজেদের মাটিতে এই ধরনের গবেষণা করা খুবই বিপজ্জনক। সুতরাং তারা এসব হুমকিমূলক ও বিপজ্জনক কার্যকলাপ অন্য দেশে স্থানান্তরিত করে', লাভরভ দাবি করেন।
যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের সীমান্তের চারপাশে নিজেদের গবেষণা ও পরীক্ষা কেন্দ্রীভূত করছে বলে মন্তব্য করেন তিনি।
লাভরভ পেন্টাগনের ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সির অর্থায়ন করা বায়োল্যাব প্রসঙ্গে এসব কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর এই গবেষণাগারের অস্তিত্ব সামনে আসে।
রাশিয়ান সামরিক বাহিনী দাবি করেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে তৈরি ইউক্রেনীয় গবেষণাগারগুলোতে সামরিক অ্যাপ্লিকেশন ছিল বলে তারা প্রমাণ পেয়েছে। তবে ওয়াশিংটন বিষয়টি অস্বীকার করে বলেছে, এসব গবেষণাগারে সংক্রমণ বিষয়ক গবেষণা করা হয় এবং এগুলো সতর্কতা ব্যবস্থা হিসাবে কাজ করে।