বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি ও মেজরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জিএমটি সময় দুপুর ১টায় মার্কিন কংগ্রেসে ভার্চুয়াল ভাষণ দেবেন।

হাউস ও সিনেট সদস্যদের কাছে পাঠানো এক যৌথ  চিঠিতে তারা এ তথ্য জানান বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'ইউক্রেনের জনগণ যেভাবে রাশিয়ার বিনা উসকানিতে পৈশাচিক ও অবৈধ যুদ্ধের মুখে অসাধারণ সাহস, সহনশীলতা ও সংকল্প প্রদর্শন করেছে, তা কংগ্রেস, আমাদের দেশ ও বিশ্ব বিস্ময় নিয়ে দেখেছে।'

'ইউক্রেন পুতিনের নিষ্ঠুর ও পৈশাচিক আগ্রাসনের মুখোমুখি। কংগ্রেস ইউক্রেনকে সমর্থন করার এবং রাশিয়ান অর্থনীতিকে বিকল ও বিচ্ছিন্ন করার পাশাপাশি ইউক্রেনে মানবিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য আইন পাস করার প্রতিশ্রুতিতে অটল', চিঠিতে উল্লেখ করা হয়।