ভারতে জেলেনস্কির নামে চায়ের ব্র্যান্ড
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে ভারতের একটি ব্যবসা প্রতিষ্ঠান।
রাশিয়ার আক্রমণের মুখে জেলেনস্কির 'বীরত্ব ও সাহসিকতাকে' সম্মান জানাতে তার নামে এই ব্র্যান্ড চালু করা হয়েছে জানিয়েছে অ্যারোমিকা টি নামের প্রতিষ্ঠানটি।
আসামের উত্তর-পূর্বে রাজ্যে অবস্থিত অ্যারোমিকা টিয়ের পরিচালক রঞ্জিত বড়ুয়া পিটিআইকে বলেছেন, জেলেনস্কি ব্র্যান্ডের চা গতকাল বুধবার থেকে যাত্রা শুরু করেছে। এটি অনলাইনে কেনা যাবে।
'মূল বিষয় হলো প্রেসিডেন্টের বীরত্ব ও সাহসকে সম্মান জানানো, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটি তার চরিত্রকে ফুটিয়ে তোলে', তিনি বলেন।
ভারতের চা বোর্ডের তথ্য অনুসারে, রাশিয়া ভারতীয় চায়ের বৃহত্তম আমদানিকারক। ২০২১ সালে ভারত থেকে রাশিয়া ৩৪ দশমিক ০৯ মিলিয়ন কেজি চা আমদানি করেছে। অন্যদিকে ইউক্রেন ২০২১ সালে ভারত থেকে ১ দশমিক ৭৩ মিলিয়ন কেজি চা আমদানি করেছে।