ভিনিতসিয়ার টিভি টাওয়ারে রুশ রকেট হামলা, দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

মধ্য ইউক্রেনের ভিনিতসিয়া শহরের একটি টিভি টাওয়ার রুশ সেনাদের রকেট হামলায় ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ সংস্থা। খবর সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেখানে সিএনএনের একটি প্রতিনিধি দল স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিমান ও দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে।

এর আগে, কিয়েভ, খারকিভ, ভিনারিভকা এবং অতিসম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের টাওয়ারে হামলা করেছিল রুশ বাহিনী।

রিভনের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার টিভি টাওয়ারকে লক্ষ্য করে চালানো ওই হামলায় ২১ জন নিহত হয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে বুধবারের হামলাটি ভিনিতসিয়ার দ্বিতীয় উল্লেখযোগ্য হামলা। ১০ দিন আগে রুশ ক্ষেপণাস্ত্র ভিনিতসিয়ার বিমানবন্দর ধ্বংস করে দেয়।