‘ভেনেজুয়েলা রাশিয়ার মিত্র, তবে যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করতে প্রস্তুত’
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া বলেছেন, তার দেশ মস্কোর প্রতি 'অনুগত'। তবে তারা যুক্তরাষ্ট্রের কাছে আবারও তেল বিক্রি করতে প্রস্তুত।
আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী প্লাসেনসিয়া গতকাল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলা আগেও তেল বিক্রি করেছে। এখন যদি আবার তা শুরু হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই।
তেল বিক্রি নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আলোচনাকে 'অদ্ভুত আচরণ' বলা যাবে না বলেও মনে করেন তিনি।
তার মতে, ভেনেজুয়েলা যদি যুক্তরাষ্ট্রের কাছে আবারও তেল বিক্রি শুরু করে তা তা সবার জন্য 'মঙ্গলময়' হবে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মার্কিনিরা যদি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করেন তাহলে আমাদের দেশে তাদেরকে স্বাগত জানাবো। পাশাপাশি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার একমাত্র আইনসম্মত সরকার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে হবে।'