মস্কো থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কার

স্টার অনলাইন ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘের মিশন থেকে যুক্তরাষ্ট্র ১২ রুশ কর্মীকে বহিষ্কার করায় এর পাল্টা জবাব হিসেবে মস্কো থেকে বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, মস্কোয় মার্কিন দূতাবাসের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে তার হাতে 'অবাঞ্ছিত' ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়. নিউইয়র্কে জাতিসংঘ মিশন থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে মস্কোয় মার্কিন কূটনীতিকদের 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে।

'মার্কিনিদের দৃঢ়ভাবে বলা হয়েছে, তারা যে কাজ করবে তার সমুচিত জবাব দেওয়া হবে,' বলে বার্তায় উল্লেখ করা হয়।

গত ২১ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক 'ভেঙে পড়ার দ্বারপ্রান্তে' রয়েছে।