মাইকোলাইভের সামরিক ঘাঁটিতে হামলা
দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য।
আজ শনিবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার এই হামলা চালানো হয়।
সিএনএন এর সুইডিশ অ্যাফিলিয়েট এক্সপ্রেসেন পত্রিকার এক ফটো সাংবাদিক একটি ভবনে হামলার বিষয়টি শনাক্ত করেছেন। টেলিগ্রামের এক ভিডিওতে দেখা যায়, উত্তরে প্রায় ৮০০ ফুট দূরে অন্য একটি ভবনে হামলা করা হয়েছে।
দ্বিতীয় ভবনে হামলার ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে এক্সপ্রেসেনের ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি মরদেহ পড়ে আছে।
ঘটনাস্থলে থাকা এক্সপ্রেসেনের সাংবাদিকদের মতে, সামরিক ঘাঁটিতে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
এক্সপ্রেসেনের সংবাদদাতা ম্যাগনাস ফাল্কেহেড এবং ফটো সাংবাদিক নিকলাস হ্যামারস্ট্রোম জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে '২টি রুশ যুদ্ধবিমান ৫টি বোমা ফেলেছে এবং সামরিক ব্যারাকের বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে।'