মারিউপোলে হামলা অব্যাহত, নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মারিউপোল সিটি কাউন্সিল।   

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোলে রুশ হামলা অব্যাহত থাকায় স্থানান্তর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল।   

মারিউপোলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেওয়ার পরামর্শ দিয়ে সিটি কাউন্সিল বলেছে, শিগগির এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

এর আগে মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ বিবিসিকে বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোলে রুশ হামলা চলছে। অব্যাহত বোমা হামলার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।