যুদ্ধবিরতি সত্ত্বেও রুশ হামলা অব্যাহত আছে, দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোলে রুশ সেনারা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ বলেন, রুশ সেনারা আমাদের ওপর বোমা হামলা ও আর্টিলারি ব্যবহার অব্যাহত রেখেছে

তিনি আরও বলেন, মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই এবং পথেও কোনো যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক নাগরিকরা সরে যেতে প্রস্তুত, কিন্তু তারা শহর ছাড়তে পারছেন না।

এর আগে, আজ সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আজ ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিউপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।