রাশিয়ার জিপিএস সংযোগ বিচ্ছিন্ন করতে পারে যুক্তরাষ্ট্র: রুশ মহাকাশ প্রধান
রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন বলেছেন, ইউক্রেন সংকটে নিষেধাজ্ঞার অংশ হিসেবে জিপিএস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোগোজিন সাংবাদিকদের বলেন, 'আপনারা কি জানেন নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার জিপিএস সংযোগ বিচ্ছিন্ন করার কথা বিবেচনা করছে? আপনারা এই সম্পর্কে না জানলেও আমি আপনাদের বলে দিতে পারি, এই ধরনের একটি বিষয় বিবেচনা করা হচ্ছে।'
তবে ওয়াশিংটন এই ধরনের ব্যবস্থা নিলে রাশিয়ার খুব চিন্তিত হওয়ার কারণ নেই বলে উল্লেখ করেন দিমিত্রি রোগজিন। কারণ রাশিয়ার নিজস্ব গ্লোনাস পজিশনিং সিস্টেম আছে, যা প্রতিটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকে।
ওয়াশিংটনের কোনো কর্মকর্তা এখনও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে জিপিএস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি উল্লেখ করেননি।