রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনে বিনা প্ররোচনায় হামলার জন্য রাশিয়াকে আরও শাস্তি দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করছে।
আজ রোববার তিনি এ কথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাশিয়ান তেলের বিষয়ে বলতে গেলে বলতে হয়, আমি গতকাল ঠিক এই বিষয়ে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা এখন রাশিয়ান তেল আমদানি নিষিদ্ধ করে বিশ্ব বাজারে তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতকরণের সম্ভাবনার বিষয়টি সমন্বিতভাবে দেখার জন্য আমাদের ইউরোপীয় অংশীদার ও মিত্রদের কথা বলছি।'
ইউক্রেনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু রুশ তেলের বিষয়ে নিষেধাজ্ঞা দিলে তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। কারণ বিশ্বে তেল উৎপাদনে রাশিয়ার অবস্থান দ্বিতীয়।