রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দাম আরও বাড়ছে
রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রভাবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।
আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ইউরো স্টক্স ৫০ সূচক ও জার্মান ডিএএক্স সূচক প্রায় ২ শতাংশ এবং এফটিএসই ফিউচার সূচক ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
গত জানুয়ারি থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম ক্রমান্বয়ে বাড়ছিল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর তেলের বাজারে অস্থিরতা তুঙ্গে ওঠে। গত বছরের ডিসেম্বরের তুলনায় বর্তমানে তেলের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।
গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ওয়েলের (অপরিশোধিত তেল) ব্যারেল প্রতি সর্বশেষ দাম ছিল ১৩০ দশমিক ৩৮ ডলার। যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। গত সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি উঠেছিল রেকর্ড ১৩৯ দশমিক ১৩ ডলার।
এ ছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বর্তমানে ১২৫ দশমিক ৫৮ ডলারে বিক্রি হচ্ছে।