রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান হাঙ্গেরির
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এটি 'হাঙ্গেরির স্বার্থের পরিপন্থী'। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলতান কোভাকস এক বিবৃতিতে বলেছেন- অরবান ইউরোপীয় কাউন্সিলে জেলেনস্কির দাবি প্রত্যাখ্যান করেছেন 'কারণ তা হাঙ্গেরির স্বার্থের পরিপন্থী'।
কোভাকস বলেন, হাঙ্গেরি এই যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, তাই তারা ইউক্রেনে অস্ত্র হস্তান্তরের অনুমতি দেবে না।
অরবান বলেন, হাঙ্গেরি যদি কিয়েভে অস্ত্র পাঠায় তাহলে ইউক্রেনের পশ্চিমে জাতিগত সংখ্যালঘুরা হুমকির মুখে পড়বে।
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ হাঙ্গেরি কিয়েভে সামরিক সহায়তা পাঠাতে বা তাদের ভূখণ্ড ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছে। তবে, এটি অর্ধ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে তার অঞ্চলে প্রবেশের অনুমতি দিয়েছে।
বিবিসি বলছে, অরবান সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
জেলেনস্কি গত বৃহস্পতিবার ইইউ নেতাদের কাছে দেওয়া এক ভাষণে অর-বানকে নিষেধাজ্ঞা সম্প্রসারণে অনুমোদনের আহ্বান জানান। তিনি বলেছিলেন, ইউক্রেনে অস্ত্র প্রবেশ করতে দেন এবং রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেন।