রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেব না: তুরস্ক
ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞায় তুরস্ক অংশ নেবে না।
গতকাল রোববার রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল তুরস্কের আনতালিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মওলুদ জাভুসোগলু কূটনীতিকদের বলেছেন তার দেশ ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানের' কারণে রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞায় অংশ নেবে না।
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি নিষেধাজ্ঞার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না।'
এতে আরও বলা হয়, অনুষ্ঠানের শেষে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তার জোট আশা করে এর সব সদস্য দেশ মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেবে।
এর আগে গত ১ মার্চ তুরস্কের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ডেইলি সাবাহ'র প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মওলুদ তুর্কি টেলিভিশন হাবেরতুর্ক'কে বলেছেন, 'নীতিগতভাবে আমরা নিষেধাজ্ঞায় অংশ নেব না। এমনকি, এ ধরনের নিষেধাজ্ঞায় অংশ নেওয়ার ইচ্ছা আমাদের নেই।'