রাশিয়া-ইউক্রেনের চতুর্থ দফা আলোচনা আজ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থ দফার আলোচনা আজ সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানান।
তাস জানায়, পরবর্তী আলোচনা অনলাইনে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ'।
শনিবার পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে বরাবরেই মতোই থাকবেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি।
ক্রেমলিন প্রেস সার্ভিস শনিবার জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে টেলিফোন আলাপের সময় পুতিন তাদের অবহিত করেন যে, আগামী দিনগুলোতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ভিডিও ফরম্যাটে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সেসময় আলোচনা চলে ৫ ঘণ্টা। ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সেসময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে একটি চুক্তি হয়। ৭ মার্চ উভয় দেশের প্রতিনিধিরা বেলারুশের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফা আলোচনায় বসেন। পরে ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে আলোচনা হয়।