সার্বিয়ায় রাশিয়ার সমর্থনে মিছিল
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে৷ তবে সার্বিয়াতে ঘটেছে উল্টো ঘটনা।
গতকাল শুক্রবার রাতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রাশিয়ার সমর্থনে মিছিল করেছেন কয়েক হাজার সার্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য বেলগ্রেডে রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাসের একটি স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হওয়ার পর প্রায় ৪ হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। রাশিয়ার পতাকা নেড়ে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি হাতে তারা বেলগ্রেডে রুশ দূতাবাসে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় রাশিয়া ও সার্বিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
মিছিলে অংশ নেওয়া এক যুবক রয়টার্সকে বলেন, রাশিয়া যা কিছু করছে, সবকিছুতে সমর্থন জানাতে তিনি সেখানে এসেছেন।
'এটাই একমাত্র সঠিক কাজ', তিনি বলেন।